আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিললেও নিয়মিত আইপিএলে খেলে যাচ্ছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্টে নতুন দায়িত্ব পেতে পারেন ধোনি। তাকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ধোনি এতে রাজি হবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
ক্রিকব্লগার এক রিপোর্ট বলছে,‘ধোনিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে তার মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ধোনি দলের সম্পদ হতে পারে।’
অবশ্য এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না বোর্ড। ছোট ফরম্যাটে গম্ভীর সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তাহলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? ধারণা করা হচ্ছে, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড।
ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি।
