রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিনও নৈপুণ্য দেখিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিন সিআরসেভেন গোল করে শুধুমাত্র দলের জয়েই ভূমিকা রাখেননি, মেসিকে ছাড়িয়ে গড়েছেন নতুন এক কীর্তি।
ঘরের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে গোল করেন এই ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। এতেই নতুন রেকর্ড গড়েন রোনালদো। আল ফাতেহর করা গোলে ক্রিশ্চিয়ানোর পেনাল্টি ছাড়া গোল এখন ৭১৪টি।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলিয়ে ৮৭৫ গোল করেছেন রোনালদো। সেখানে পেনাল্টি থেকে করা গোলের সংখ্যা ১৬১টি। অন্যদিকে ৮২১ গোল করা মেসি পেনাল্টি থেকে ১০৮টি গোল করেছেন।
এই নিয়ে সৌদি প্রো লীগের চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলে ২১টি গোল করলেন রোনালদো। সতীর্থদের সহায়তা করেছেন ৯টি গোলে।
বর্তমানে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর এফসি। ২০ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট আছে তাঁদের। ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল হিলাল। সাতে থাকা আল ফাতেহর পয়েন্ট ২৯।
