নারী ফুটবলের দলবদলে নতুন ইতিহাস গড়লেন কানাডার ২০ বছর বয়সী মিডফিল্ডার অলিভিয়া স্মিথ। রেকর্ড ১০ লাখ পাউন্ডে লিভারপুল ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি। এত বিপুল অঙ্কের ট্রান্সফারে এর আগে কোনো নারী ফুটবলার ক্লাব বদলাননি। এই প্রথম এক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কোনো নারী ফুটবলারকে দলে ভেড়ালো কোনো ক্লাব।
এর আগে পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে ২০২৩-২৪ মৌসুমে ২৮ ম্যাচে ১৬ গোল করেছিলেন এই কানাডিয়ান তারকা। এরপর পেশাদার ক্যারিয়ারের প্রথম মৌসুমেই লিভারপুলে পাড়ি জমান স্মিথ। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ৯ গোল করে হয়ে যান ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর থেকেই তাকে দলে পেতে আগ্রহী হয়ে ওঠে ইউরোপের বড় বড় ক্লাব। চেলসি এবং অলিম্পিক লিঁওর আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত আর্সেনালই তাকে দলে টানতে সক্ষম হয়।
মাত্র ১৫ বছর বয়সে কানাডার জাতীয় দলে অভিষেক হয়েছিল অলিভিয়ার। আর্সেনালে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত এই মিডফিল্ডার বলেছেন, ”আর্সেনালের স্কোয়াডে নিজের নাম দেখতে পারা দারুণ সম্মানের। ইংল্যান্ড ও ইউরোপের সবচেয়ে বড় ট্রফিজয়ী দলের হয়ে খেলার স্বপ্ন ছিল। এই স্বপ্ন পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।”
চলতি বছরের জানুয়ারিতে আমেরিকান ডিফেন্ডার নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে দলে টেনেছিল চেলসি। সান ডিয়েগো ওয়েভ থেকে ইংলিশ ক্লাব চেলসিতে পাড়ি দিয়ে তখন সর্বোচ্চ দামের নারী ফুটবলার হয়েছিলেন গিরমা। তবে নতুন এই চুক্তিতে তাকে ছাড়িয়ে গেছেন অলিভিয়া। এই ট্রান্সফার যে নারী ফুলবলে নতুন মাত্রা যোগ করলো এটা নিঃসন্দেহে বলা যায়।
