টি-টোয়েন্টিতে নতুন কোচ। নতুন অধিনায়ক। নতুন দল। গত বছর ভারতের যে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তা এই ক’মাসে অনেক বদলে গিয়েছে। কয়েক মাস পরে আবার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ভারতের মাটিতে। পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারত। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছেন কোচ গৌতম গম্ভীর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক গম্ভীররা।
এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু প্রতিযোগিতা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আজ থেকে শুরু প্রতিযোগিতা। প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। ভারতের প্রথম ম্যাচ বুধবার। সামনে সংযুক্ত আরব আমিরশাহি। ১৪ সেপ্টেম্বর, রোববার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।
বিগ ম্যাচের আগে সতর্ক গম্ভীরেরা। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।
রোহিত শর্মা অবসর নেওয়ার পর এখন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ যে দল খেলেছিল তার মধ্যে মাত্র ছ’জন এই দলে রয়েছেন। বাকিরা নতুন। ফলে এক নতুন ভারতকে দেখা যাবে।
গম্ভীর কোচ হওয়ার পর থেকে ছোট ফরম্যাটে ভারতের খেলার ধরন বদলে গিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণের নীতিতে বিশ্বাসী তিনি। বিশেষজ্ঞ ব্যাটার, বোলারের তুলনায় অলরাউন্ডারদের বেশি পছন্দ করেন গম্ভীর।
