শ্রীলঙ্কা সিরিজের আগে গত মে মাসেই পাকিস্তানে গিয়ে হোয়াইটওয়াশড বাংলাদেশ। এক মাসের ব্যবধানে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় নেই বাংলাদেশের।
তাই আরেকটি সিরিজে নামার আগে তাই অতীত নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলে রেকর্ড বদলাতে চান লিটন কুমার দাস।
পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে পরিসংখ্যান আরও নাজুক বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের বিপক্ষে ২২ ম্যাচে জয় মাত্র ৩টি। এর একটি আবার ২০২৩ সালের এশিয়ান গেমসে। যেখানে খেলেনি কোনো দেশের মূল দল।
সবশেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটিও জয় নেই। মিরপুরে সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে ৫ উইকেটে জিতেছিল তারা। একই মাঠে এর আগের বছর ছিল ৭ উইকেটে জয়। এর আগে-পরে দেশে কিংবা দেশের বাইরে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।
দেশের হোম অব ক্রিকেটে আজ রোববার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের লক্ষ্য নিয়ে লিটন বলেন,‘আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই (আগের রেকর্ড) বদলে যাবে।’
এছাড়া তিনি বলেন,‘গত ৯ বছর ধরে আমরা জিতছি, এরকম বিষয়কে কখনও ভাবি না। আমরা শুধু ভালো ক্রিকেট ও নিজেদের ধরনের ক্রিকেট খেলায় মনোযোগ দেই। এই সিরিজেও একই দিকে আমাদের লক্ষ্য থাকবে।’
নিজেদের লক্ষে নিয়ে লিটন আরও বলেন,‘প্রতিটি ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। প্রতি ম্যাচে বড় লাফ দিতে চাই। এটিই আমাদের লক্ষ্য থাকবে। তবে হ্যাঁ, এসব করতে গিয়ে যদি আমরা ৩-০তে জিততে পারি, তাহলে খুশির চেয়েও বেশি কিছু হবো।’
এবার পাকিস্তানকে হারিয়ে আবারও টানা সিরিজ জয় সম্ভব কিনা জানতে চাইলে লিটন বলেন,‘চেষ্টার কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয়, আমাদের একই মানসিকতা থাকবে, একই লক্ষ্য থাকবে- সিরিজ জেতার। তবে নির্দিষ্ট ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















