পিএসজি কে ধন্যবাদ জানালো নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্ডি গত ৫ জুলাই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তানের নাম রেখেছেন ‘মেল’। ফুটবলে সাফল্যের পাশাপাশি এবার ব্যক্তিগত জীবনেও খুশির মুহূর্ত কাটাচ্ছেন নেইমার। এই আনন্দঘন সময়ে সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) নেইমারকে জানিয়েছে বিশেষ শুভেচ্ছা।

নেইমারের চার সন্তানের জন্য বিশেষভাবে তৈরি করা জার্সি উপহার পাঠিয়েছে পিএসজি। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, “Merci @PSG”— অর্থাৎ, ধন্যবাদ পিএসজি।

২০১১ সালে নেইমারের প্রথম ছেলে দাভি লুকা জন্ম নেয় সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের গর্ভে। এরপর বর্তমান স্ত্রী ব্রুনার সঙ্গে জন্ম দেন কন্যা সন্তান মাভিকে। আরও এক কন্যা মাভি রয়েছে নেইমারের, যার মা আমান্ডা কিম্বারলি। সবশেষ নতুন অতিথি ‘মেল’-এর আগমনে উচ্ছ্বাসে মেতে উঠেছে নেইমার পরিবার।

পিএসজির এমন উপহার তাদের সাবেক তারকার প্রতি ভালোবাসা ও সম্মানের নিদর্শন। ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে পাড়ি জমালেও ইনজুরির কারণে খুব বেশি খেলতে পারেননি নেইমার। ২০২৫ সালের জানুয়ারিতে ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে।

আগামী ২৪ জুলাই ব্রাজিলিয়ান সেরি আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। সেদিনই সন্তানের জন্মের পর প্রথমবারের মতো মাঠে ফিরতে পারেন নেইমার।

ব্যক্তিগত সুখ ও সাবেক ক্লাবের সম্মান—দুটির সমন্বয়ে যেন নতুন অধ্যায় শুরু করছেন ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

Exit mobile version