আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা ফুটবলের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে শিরোপাধারী আর্জেন্টিনা। ইনজুরির কারণে লিওনেল মেসি দলের সাথে না থাকলেও ডি মারিয়ার নেতৃত্বে নিজেদের গুছিয়ে নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
আজ ভোরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনাইটেড এয়ারলাইন্স ফিল্ডে ৩৪ মিনিটে কোস্টারিকাকে এগিয়ে দেন মানফ্রেড উগালদে। পরে ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজের গোলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।
স্কোরশিট দেখে আর্জেন্টিনার জয়টা সহজ মনে হলেও বাস্তবতা ছিলো ভিন্ন। ৩৪ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করেন কোস্টারিকার মানফ্রেড উগালদে। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ডি মারিয়া-হুলিয়ান আলভারেজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল শোধ করেন বিশ্বকাপের ফাইনালে গোলদাতা ডি মারিয়া। চার মিনিট পরই ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লাউতারো মার্তিনেজের গোলে ৭৭তম মিনিটে ব্যবধানটা ৩-১ গোলে নিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এই ব্যবধান রেখেই মাঠ ছাড়ে কোপা ও বিশ্বকাপের শিরোপাধারীরা।
