প্রচণ্ড গরমের সঙ্গে লড়াই করেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অ-২৩

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে ভিয়েতনাম সফরের আগে বাহরাইনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ৯টায় বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা টায়ার-২ স্বীকৃতি পেলেও দুই দলই ম্যাচটি ক্লোজড ডোরে আয়োজন করেছে। দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ২২ আগস্ট।

তবে প্রথম ম্যাচে থাকছেন না ফরোয়ার্ড শেখ মোরসালিন। ইনজুরির কারণে তিনি বিশ্রামে আছেন। বাংলাদেশ অ-২৩ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, “মোরসালিন হয়তো এই ম্যাচে খেলবে না। আবাহনীর হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে সে ব্যথা পেয়েছিল।”

বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ইয়েমেন। তাই প্রস্তুতি ম্যাচগুলোকেই গুরুত্ব দিচ্ছেন কোচ টিটু। তিনি বলেন, “বাহরাইন ভিয়েতনাম মতোই শক্তিশালী দল। তাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলা আমাদের প্রস্তুতির জন্য ভালো সহায়ক হবে।”

এদিকে প্রতিপক্ষ বিশ্লেষণ নিয়েও কাজ করছে বাংলাদেশ দল। সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান, “বাহরাইনের দুটি ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেছি। খেলোয়াড়দের ভিডিও দেখিয়েছি, কীভাবে ওরা হাই প্রেস করে, মিডফিল্ডে ব্লক করে এবং ব্লক থেকে কীভাবে প্রেসটা শুরু করে।”

প্রস্তুতির আরেক বড় চ্যালেঞ্জ আবহাওয়া। দেশের তুলনায় বাহরাইনে তাপমাত্রা কিছুটা বেশি হওয়ায় মানিয়ে নিতে সময় লাগছে খেলোয়াড়দের। ডিফেন্ডার রিমন হোসেন বলেন, “আমাদের দেশের আবহাওয়া এবং বাহরাইনের আবহাওয়া মোটামুটি কাছাকাছি হলেও এখানে গরম একটু বেশি। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।”

ফুটবলারদের পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক প্রস্তুতি পরখ করার সুযোগ হবে এই ম্যাচে। মোরসালিনকে ছাড়া হলেও দল দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে নামছে মাঠে।

Exit mobile version