বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে প্রতিভাবান খেলোয়াড় তৈরির অন্যতম কেন্দ্র। তবে ফুটবল শাখায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এতদিন সীমিত ছিল মূলত ভারতের সুব্রত কাপে। এবার প্রথমবারের মতো বিকেএসপির অনূর্ধ্ব-১৭ ফুটবল দল অংশ নিচ্ছে জাপানের একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।
জাপানের ফুকুওয়ায় অবস্থিত টকাই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সাঁতার সকার ফেস্টিভ্যাল’-এ বিকেএসপির তরুণরা ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিনটি ম্যাচ খেলবে। প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল (মঙ্গলবার) দুপুরে ১৬ জন ফুটবলার এবং দুইজন কোচের সমন্বয়ে দলটি জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দলের কোচ হাসান আল মাসুদ এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটা বিকেএসপির ফুটবলারদের জন্য দারুণ সফর হবে। জাপানে খেলার মাধ্যমে আমাদের ফুটবলারদের বিশেষ অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে বাড়তি মাত্রা আনবে।’
এই সুযোগটি এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় বিকেএসপিতে কর্মরত জাপানি কোচ কাই তাগুচির মাধ্যমে। তিনি টুর্নামেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিকেএসপি দলকে আমন্ত্রণ পাওয়ার ব্যবস্থা করেন।
জাপানে দল পাঠানো ব্যয়বহুল হলেও বিকেএসপি পুরো ব্যয় নিজস্ব অর্থায়নে বহন করছে। এ প্রসঙ্গে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম বলেন, ‘আমাদের ফুটবলারদের মান উন্নয়ন প্রয়োজন। উন্নত দল ও প্রতিযোগিতামূলক পরিবেশে আমাদের শিক্ষার্থীরা খেলতে পারলে সেটা অনেকটাই সহায়ক হবে। এজন্য জাপানে পাঠানো হয়েছে। জাপানে পাঠানো ব্যয়বহুল সেটা আমরা বিকেএসপি থেকেই সম্পূর্ণ অর্থায়নে করেছি। এই প্রতিযোগিতায় ভালো করলে আবার সামনেও পাঠানো হবে।’
এই সফর বিকেএসপির ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের ফুটবল উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















