প্রাইজমানিতে বিশ্বকাপের তুলনায় দ্বিগুন হলো

ক্লাব বিশ্বকাপ ফুটবল

ক্লাব বিশ্বকাপ ফুটবলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দলের সংখ্যা বাড়ানো হয়েছে, সে সঙ্গে প্রাইজমানির পরিমাণও। এবারের টুর্নামেন্টে ৩২ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। স্বাভাবিকভাবেই আগের তুলনায় প্রাইজমানির পরিমাণও বাড়বে। তবে এতটা বাড়বে তা হয়তো কেউ কল্পনাতেও আনেনি। মূল বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে। শুধু ছাড়িয়ে গেছে বললে ভুল হবে। কাতার বিশ্বকাপে যে প্রাইজামি ছিল ক্লাব বিশ্বকাপে প্রাইজমানির পরিমাণ দ্বিগুনের বেশি।

আগামী ১৪ জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। ১৩ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। মোট ১০০ কোটি ডলার প্রাইজমানি রাখা হয়েছে পুরস্কার হিসেবে। কাতার বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ২০২৩ সালে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপে প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার আয় হতে পারে। টুর্নামেন্ট থেকে যে আয় হবে তা অংশ নেওয়া ক্লাবগুলোর মাঝে ভাগ করে দেওয়া হবে। নিজেদের জন্য ফিফা একটি ডলারও রাখবে না।

Exit mobile version