টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং নিয়ে বাংলাদেশ সবসময়ই পিছিয়ে রয়েছে বলে সমালোচনা হয়। বড় শট খেলায় ঘাটতি পূরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশেষ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই ঢাকায় এসেছেন বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। বর্তমানে তিনি সিলেটে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন।
শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে উড জানান, বাংলাদেশে তার সবচেয়ে প্রিয় পাওয়ার হিটার হলেন জাকের আলী অনিক। সম্প্রতি অনুশীলনে তার হাতে বিশাল একটি হাতুড়ি দেখা গিয়েছিল, যা নিয়েও কৌতূহল ছিল সবার। এ বিষয়ে উড বলেন, “বাংলাদেশে প্রিয় কে? সবাই একেকরকমভাবে ভিন্ন। একজনকে বেছে নিতে হলে জাকেরকে বেছে নিব। হি ইজ ডেঞ্জারাস। কোচ হিসেবে আপনাকে আউট অব দ্য বক্স ভাবতে হবে। আমি হাতুড়ি ব্যবহার করেছি, যেটা জাকেরের হাতে দেখেছেন। ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা কী কাজে ব্যবহার করতে হবে। তাকে দেখাচ্ছিলাম আমি এটা কী কারণে ব্যবহার করি।”
শুধু হাতুড়ি নয়, ক্রিকেটারদের শক্তি ও সুইং বাড়াতে উড ব্যবহার করছেন বিশেষ ব্যাটিং টুল ‘প্রো ভেলোসিটি ব্যাট’। এ নিয়ে তিনি বলেন, “এটা অন্যতম সেরা ব্যাটিং প্র্যাকটিস টুল। এটা আপনার সুইং ক্লিন করে, এটা ব্যাটের চেয়ে একটু ভারি। ৩ পাউন্ডের ওপরে। যখন আপনি ব্যান্ড করেন ১৫ পাউন্ডের চাপ তৈরি করে। এটা হাতের শক্তি বাড়ায়, সুইং আরও ভালো করে। খেলোয়াড়রা ইনস্ট্যান্ট ফিডব্যাক পায়। এটা দারুণ একটা টুল।”
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই পাওয়ার হিটিংয়ের ঘাটতিতে ভুগছেন। উডের কোচিংয়ে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার আশা করছে বিসিবি। আর তার চোখে ‘সবচেয়ে ডেঞ্জারাস’ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পাওয়া জাকের আলী অনিকও নতুন উদ্যমে নিজেকে প্রমাণ করতে চাইছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















