প্লে-অফ ফাইনালে হামজার শেফিল্ডের প্রতিপক্ষ কে-চূড়ান্ত আজ রাতে

ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্নে আবারও প্রাণ ফিরে পেয়েছে হামজা চৌধুরীদের শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ লিগের প্লে-অফ সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা।

গতকাল সোমবার দ্বিতীয় লেগে ব্রিস্টলের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে শেফিল্ড। এর আগে প্রথম লেগেও ৩-০ গোলে জিতেছিল তারা। ফলে অনায়াসেই প্লে–অফের ফাইনালে পৌঁছেছে দলটি। এখন একটাই প্রশ্ন-২৪ মে ওয়েম্বলির সেই বহুল প্রতীক্ষিত ফাইনালে হামজাদের প্রতিপক্ষ কে হবে?

সে প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। কারণ দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি। প্রথম লেগে কভেন্ট্রিকে ২-১ গোলে হারিয়ে কিছুটা এগিয়ে আছে সান্ডারল্যান্ড। আজ ‘স্টেডিয়াম অব লাইট’-এ দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হবে তারা।

এদিকে চ্যাম্পিয়নশিপ মৌসুমে শেফিল্ড ইউনাইটেড পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে, ৪৬ ম্যাচে সংগ্রহ করেছে ৯০ পয়েন্ট। তাদের ওপরে ছিল লিডস ইউনাইটেড ও বার্নলি, যারা সরাসরি প্রিমিয়ার লিগে উঠেছে।

তাই এখন সব চোখ ওয়েম্বলির দিকে। ২৪ মে শেফিল্ড ইউনাইটেডের প্রতিপক্ষ হবে আজ রাতের ম্যাচজয়ী—সান্ডারল্যান্ড না কভেন্ট্রি? এই উত্তরের দিকেই তাকিয়ে আছে হামজা চৌধুরী ও তার সতীর্থরা।

Exit mobile version