ফিজেই ভরসা টেইটের!

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে টাইগারদের ভরসার নাম মুস্তাফিজুর রহমান। গ্রুপপর্বে তিন ম্যাচই খেলেছে আবুধাবিতে, তাই দুবাইয়ের স্লো উইকেট হবে নতুন অভিজ্ঞতা। তবে এখানেই কোচ শন টেইট দেখছেন মুস্তাফিজকে ঘিরে বাড়তি আশার আলো।

বাংলাদেশ ক্রিকেটের গত এক দশকের অন্যতম বড় তারকা মুস্তাফিজ। কাটার আর নিখুঁত বোলিং নৈপুণ্যে ক্যারিয়ারের শুরুতেই বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় জানান সাতক্ষীরার এই বোলার। জাতীয় দলের বর্তমান পেস বোলিং কোচ টেইট মনে করেন, ফিজের আসল শক্তি তার মানসিক অবস্থা। খেলোয়াড় হিসেবে যতটা প্রতিভাবান, খুশি থাকলে ততটাই প্রাণবন্ত হয়ে ওঠেন তিনি।

টেইটের ভাষায়, “আমি চাই মুস্তাফিজ সবসময় এমন পরিবেশে থাকুক যেখানে সে আনন্দে আর আত্মবিশ্বাসে ভরপুর। তখনই সে সেরা পারফরম্যান্স দেয়। তাকে বিশেষ কিছু শেখানোর প্রয়োজন নেই। বরং তার সঙ্গে কাজ করাটাই আমার জন্য আনন্দের।”

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ঘিরে আলাদা প্রত্যাশা থাকলেও এশিয়া কাপে এখন পর্যন্ত মুস্তাফিজ খেলেছেন ধারাবাহিকভাবে। গ্রুপপর্বের তিন ম্যাচে পেয়েছেন চার উইকেট। কোচ সেই পারফরম্যান্সে সন্তুষ্ট। তার মন্তব্য, “হ্যাঁ, আমি খুশি। সে দীর্ঘদিন ধরে দলে আছে, নেতৃত্ব দিচ্ছে এবং অভিজ্ঞতায় ভরপুর। আমাদের জন্য বিশাল সম্পদ। আমি নিশ্চিত, সামনে আরও ভালো করবে।”

বাংলাদেশ দলের পরিকল্পনায় তাই বড় ভরসার নাম ‘দ্য ফিজ’। দুবাইয়ের ধীরগতির উইকেটে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠবেন বলেই আশায় বুক বাঁধছে ড্রেসিংরুম।

Exit mobile version