ম্যানচেস্টার সিটির আরো একটা জয়। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের দিকে আরো একটা দৃঢ় পদক্ষেপ। সোমবার রাতে ফিল ফোডেনের হ্যাটট্রিকে এবারের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ১৫তম জয় পেয়েছে। ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।
এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে দুইয়ে এনেছে সিটিজেনরা। লিভারপুলের বর্তমান পয়েন্ট ৫১। ম্যানসিটির ৪৯। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। আর্সেনালের পয়েন্টও ৪৯। গত রোববার লিভারপুলকে হারিয়ে আর্সেনালও শিরোপা জয়ের দৌড়ে যুক্ত হয়েছে।
অ্যাওয়ে ম্যাচে স্বস্তির জয় পেলেও ম্যানচেস্টার সিটির শরুটা ছিল অস্বস্তির। ২১ মিনিটে তারা পিছিয়ে পড়েছিল। শঙ্কা তৈরি হয়েছিল পয়েন্ট হারানোর। ম্যানচেস্টার সিটির বিরতিহীন চাপের বিপরীতে নিল মাউপে স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছিলেন।
তবে বিররিত আগেই ম্যানসিটি খেলায় সমতা ফিরিয়ে আনে। শুধু তাই নয়, বিরতির পর দর্শনীয় দুই গোলে দলকে জয় এনে দেন ফিল ফোডেন।
ব্রেন্টফোর্ডের গোল সিটিকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিল। গত মৌসুমে এই দলটার কাছে হোমের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচেও হেরেছিলো ম্যানসিটি। ফলে এবার পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ম্যানসিটির সামনে আরো একটা হারের শঙ্কা জেগে উঠেছিল। একে তো গোল হজম তারওপর হুলিয়ান আলভারেজের দুটো চমৎকার শট ব্রেন্টফোর্ডের গোলরক্ষক মার্ক ফ্লেকেন রুখে দেওয়ায় সেই শঙ্কা আরো জোরালো হয়েছিল।
সুযোগ নষ্ট করেছেন আর্লিং হালান্ডও। এবারও ফ্লেকেন বাধা হয়ে দাঁড়ান। কিন্তু শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে পারেননি। ফিল ফোডেন বিরতির পর ৫৩ ও ৭০ মিনিটে জোড়া গোল করে দলকে জয় এনে দেন, সে সঙ্গে পূর্ণ করেন হ্যাটট্রিক।
