ফেভারিটের মতোই শুরু মরক্কোর

আফ্রিকান কাপ অব নেশন্স

কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো আফ্রিকান কাপ অব নেশন্সে শুভ সূচনা করেছে। টুর্নামেন্ট ফেভারিট মরক্কো তাঞ্জানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে।

বুধবার লরেন্ট পোকো স্টেডিয়াম প্রথমার্ধে অধিনায়ক রোমাইন সাইসের গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। আর দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান আজেদিন ওউনাহি ও ইউসেফ এন নেসরি। মাত্র তিনি মিনিটের ব্যবধানে ৭৭ ও ৮০ মিনিটে এই দুই গোল পায় মরক্কো। অবশ্য এর আগে ৭০ মিনিটে তাঞ্জানিয়ার নোভাতাস মিরোশি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন।

মরক্কো এদিন তাদের একাদশ সাজাতে নিয়মিত খেলোয়াড়দের ওপরই নির্ভর করেছিল। মূলত দলের বেশিরভাগ খেলোয়াড়ই কাতার বিশ্বকাপে খেলেছিলেন। তাদের ওপর ভর করেই মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল।

আইভরি কোস্টে চলমান এই টুর্নামেন্টে মরক্কো প্রথম ম্যাচেই নিজেদেরকে ফেভারিট হিসেবেই তুলে ধরেছে। হাকিম জিয়েখের ফ্রি কিক থেকে দারুণ দক্ষতায় সাইস গোল করেন। জাতীয় দলের হয়ে এটি তার তৃতীয় গোল। ৭৭ মিনিটে মরক্কো দ্বিতীয় গোল পায়। তৃতীয় গোল নিয়ে অবশ্য শুরুতে একটু জটিলতা ছিল। অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে ভিএআর দেখে রেফারি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে কঙ্গো ও জাম্বিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ২৩ মিনিটে জাম্বিয়ার কিংস কাংওয়া গোল করে দলকে এগিয়ে নিলেও খুব বেশিক্ষণ তার আনন্দ স্থায়ী হয়নি। ২৭ মিনিটে কঙ্গোর ইয়োনে উইসা সমতায় ফেরান।

Exit mobile version