স্পেন কিংবা ইউরো ফুটবলে বর্ণবাদ যেন নিত্যা দিনের ঘটনায়। হর হামেশায়ই খেলোয়াড়রা বর্ণবাদের শিকার হন। লা লিগার ম্যাচে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস জুনিয়র।
এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। এতে তার ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে, মাস পাঁচেক আগে এমন কথাও বলেছেন তিনি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মৌসুমে ম্যাচ চলাকালে ফের দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হলে মাঠ ছেড়ে যাবেন তিনি ও তার সতীর্থরা।
২০২৩ সালের মে মাসে ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের লিগ ম্যাচ ১০ মিনিট বন্ধ ছিল দর্শকদের একটা অংশ ভিনিসিউসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায়। তাদের কয়েকজনকে চিহ্নিত করেন তিনি। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন ভিনিসিউস।
এরপর ভিনিসিউসের পাশে দাঁড়ান অনেকেই। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বর্ণবাদ বিরোধী প্রচারণা শুরু হয়। ওই ঘটনায় গত জুনে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত।
দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা সেটি। একই সাথে বার্সেলোনা, মায়োর্কা, রিয়াল ভাইয়াদলিদ, সেভিয়া, রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস।
সিএনএন-এ প্রকশিত সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী এই তারকা বলেন, আবারও এমন কিছু হলে ভিন্ন পথ বেছে নেবেন তারা।‘ক্লাবে আমরা প্রায়ই এই বিষয়ে কথা বলি। শুধু আমি নই, সবাই (খেলোয়াড়রা) বলেছে, যদি এমনটা ঘটে তাহলে পরেরবার সবাইকে মাঠ ছাড়তে হবে, যাতে যারা আমাদের অপমান করেছে তাদের সবাই অনেক বড় শাস্তি পায়।”
