বদলি খেলোয়াড় রকির গোলে জয় বার্সেলোনার

লা লিগায় নিজেদের মাঠে ওসাসুনার কাছে পয়েন্ট হারাতে বসেছিল। এ অবস্থায় দলটির ত্রাণকর্তা হয়ে দেখা দেন ১৮ বছর বয়সী বদলি খেলোয়াড় ভিক্টর রকি। এ ব্রাজিলিয়ানের গোলে ওসাসুনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

একের পর এক ব্যর্থতার কারণে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ মৌসুম শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ।

যদিও লিগের শিরোপা নির্ধারণে এখনো অনেক পথ বাকি, তবে বার্সেলোনা আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে বলা যায়। এ জয়ের ফলে  ৪৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা জিরোনার সঙ্গে তাদের ব্যবধান আট পয়েন্টের। আর দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান সাত পয়েন্টের। রিয়াল মাদ্রিদ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে।

বার্সেলোনার হয়ে রকির এটা প্রথম গোল। গত মাসের শুরুতে তিনি বার্সেলোনায় যোগ দিয়েছেন।

গত শনিবার ভিয়ারিয়ালের কাছে হেরে যাওয়ার পর বার্সেলোনা শিবিরে যে গুমোট পরিস্থিতি তৈরি হয় ওসাসুনার বিপক্ষে একমাত্র গোলে জয় পেলেও সে পরিস্থিতি কিছুটা হলেও কেটেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ইনজুরি সময়ে জোড়া গোল হজম করে ৩-৫ গোলে হেরেছিল বার্সেলোনা।

বার্সেলোনার প্রতি যে সমর্থকরা প্রচণ্ড হতাশ তা গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখলে সহজেই অনুমান করা যায়।

নিজেদের মাঠের খেলায় মাত্র ৩৭৮৮৮ জন দর্শক গ্যালারিতে ছিলেন। এই মৌসুমে এর থেকে কম দর্শক ছিল দুই ম্যাচে।

শুধু গ্যালারিতে নয়, মাঠেও ছিল একই অবস্থা। যদিও বল নিয়ন্ত্রণে বার্সেলোনার আধিপত্য ছিল কিন্তু প্রতিপক্ষের জাল লক্ষ্য করে মাত্র একবারই তারা শট নিতে পেরেছিল। অবশ্য ইনুজরির কারণে একাধিক নিয়মিত খেলোয়াড় দলে ছিলেন না।

Exit mobile version