দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাই ফুটবলে শুভ সূচনা করেছে ব্রাজিল। মঙ্গলবার নিজেদের উদ্বোধনী ম্যাচে তারা বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। ব্রাজিলের হয়ে গোলটি করেছেন এনড্রিক।
ব্রাজিলের এ জয়টা ছিল অনেকটা নাটকীয়। গ্যালারির দর্শক কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের একমাত্র গোলটা পেয়ে যায় পেলে-নেইমারের উত্তরসূরীরা। একটা প্রতি আক্রমণ থেকে চতুর্থ মিনিটে ব্রাজিল গোল করে এগিয়ে যায়। বলিভিয়া আর গোল পরিশোধ করতে পারেনি।
ভেনেজুয়েলাতে শুরু হওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে মোট দশটি দল অংশ নিচ্ছে। প্রতি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচটি করে দল।
ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে নেতৃত্ব দিচ্ছে ইকুয়েডর। মঙ্গলবার অনুষ্ঠিত অন্য এক ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইকুয়েডর। দুই ম্যাচে ড্র করে ভেনেজুয়েলার পয়েন্ট দুই।
আর্জেন্টিনা রয়েছে ‘বি’ গ্রুপে। লিওনেল মেসিদের উত্তরসূরীরা অবশ্য টুর্নামেন্টে ভালো সূচনা করতে পারেনি। আগের দিন প্রথম ম্যাচে তারা প্যারাগুয়ের সঙ্গে ভাগ্যক্রমে পয়েন্ট ভাগাভাগি করতে সমর্থ হয়।
৯০ মিনিটের গোলে সমতা এনে তারা হার এড়ায়। এক ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পেরু ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজ পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
পেরুর বিপক্ষে ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে আর্জেন্টিনার ভাগ্য। এ ম্যাচে পূর্ণ পয়েন্ট না পেলে আগেভাগে তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে উঠবে। সেখানে প্রতি দল প্রত্যেকের মুখোমুখি হবে। চার দলের মধ্যে শীর্ষ দুই দল প্যারিস অলিম্পিকের টিকেট পাবে।
