বাংলাদেশকে ১৩৯ রানের টার্গেট দিলো জিম্বাবুয়ে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের ১৩৯ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা।

ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ওভারের শেষ বলে ওপেনার মারুমানিকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। চার বলে ২ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

ম্যাচের অষ্টম ওভারে আরেক ওপেনার গাম্বিকে আউট করেন পেসার সাইফুদ্দিন। তাঁর বলে মিড অফে সহজ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১০ম ওভারে আক্রমণে আসেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁর প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন অধিনায়ক সিকান্দার রাজা। ডাইভ দিয়ে দারুণ ক্যাচ লুফে নেন লিটন কুমার দাস।

নতুন ব্যাটার ক্লাইভ মাদান্দেকে নিজের দ্বিতীয় বলেই ফেরান রিশাদ। স্লিপে সহজ ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

এর পরের ওভারেই আরভিনকে প্যাভিলিয়নে ফেরান স্পিনার মাহাদী হাসান। রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে লিটনকে ক্যাচ দেন আরভিন। ১৬ বলে ১৩ রানে আউট হন তিনি।

একই ওভারের পঞ্চম বলে অভিষিক্ত ক্যাম্পবেলের দেয়া সহজ ক্যাচ ফেলে দেন উইকেট কিপার জাকের আলী অনিক।

তাঁর উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত। শরিফুলকে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন ক্যাম্পবেল। ৩ ছক্কা ও ৪ চারে ২৪ বলে ৪৫ রানের দারুণ ইনিংস উপহার দেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল।

ম্যাচের ১৯তম ওভারের চতুর্থ বলে তাসকিনকে টেনে স্ট্রেট দিয়ে ছক্কা মারতে গিয়ে তাওহিদ হৃদয়কে ক্যাচ দেন লুক জঙ্গুয়ে।

২০তম ওভারে সাইফুদ্দিনের কাছ থেকে ১৮ রান আদায় করে নেন বেনেট ও এনদোলোভু। বেনেট ২৯ বলে ৪৪ এবং এনডিলুভু ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।

Exit mobile version