মিরপুরের স্পিন স্বর্গ জয় করে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিজ্ঞ বাভুমাকে পাচ্ছে না সফরকারীরা।
কনুইয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী মঙ্গলবার চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট।
অভিজ্ঞ বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। ফলে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার কাঁধে থাকবে গুরু দায়িত্ব।
প্রথম টেস্টে না থাকলেও চট্টগ্রাম টেস্টে খেলার আশায় ছিলেন বাভুমা। তাই তো প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার পরও দলের সঙ্গে বাংলাদেশ আসেন ।
এরপর বাংলাদেশেই চলে তার সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারায় দ্বিতীয় ম্যাচও খেলা হচ্ছে না তার। তবে আগামী মাসে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাভুমাকে পাওয়ার আশায় আছে দক্ষিণ আফ্রিকা। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের কোচ শুকরি কনরাড।
তিনি বলেন,‘দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হতে পারবে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া এখন একটু কমাব, যাতে সে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’
চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের কনুইয়ের ওপরে চোট পান ৩৫ বছর বয়সী বাভুমা। এরপর থেকে মাঠের বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
