আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ক্রিকেট লিগের, যা চূড়ান্ত হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো বিপিএলের সেই দিনক্ষণও। সব ঠিক থাকলে জানুয়ারির ১৯ তারিখে পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের, যা দিয়ে উন্মাদনায় মেতে উঠবে দেশের ক্রিকেট।
সাত দলের বিপিএলে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলবে দেড় মাস ধরে। তবে একই সময়ে বিশ্বের নানাপ্রান্তে মাঠে গড়াবে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। বিপিএলের সময়সূচীর সঙ্গে সাংঘর্ষিক আরও পাঁচ লিগের সময়সূচী। তাই মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি মাথায় রেখে জানুয়ারিতে বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দশম আসরের ফিক্সশ্চার ঘোষণা করে তাঁরা। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল চলবে মার্চের ১ তারিখ পর্যন্ত। ঠিক একই দিনে আইএলটি-২০ লিগ চলবে সংযুক্ত আরব আমিরাতে, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৯ ডিসেম্বর মাঠে গড়াবে নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ। এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৮ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘এসএ লিগ’ ১০ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগ গত ৭ ডিসেম্বর মাঠে গড়িয়েছে। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
তবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পিএসএল, বিপিএলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে মার্চের মাঝামাঝি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশী খেলোয়াড়দের জন্য অনেক বেশি মাত্রায় পাকিস্তানের ওপর নির্ভরশীল। তাই পিএসএলের সূচি অবশ্যম্ভাবীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বিপিএলে।
সব মিলিয়ে ২৫জন পাকিস্তানি খেলোয়াড় খেলে গেছেন বিপিএলের সবশেষ মৌসুমে। এই তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। গতবার বিপিএল দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল পাকিস্তানের টেপ-বল স্পেশালিস্ট ব্যাটার খাজা নাফির।
পাকিস্তানের খেলোয়াড় ছাড়াও আফগানিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও ব্যাপক চাহিদা বিপিএলে। এছাড়াও যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের খেলোয়াড়রাও গত মৌসুমে বিপিএলে খেলেছেন। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন তাদের অনেকেই। একই সময়ে আরও চারটি টুর্নামেন্ট হওয়ায় নিরবচ্ছিন্নভাবে তাদের সার্ভিস পাওয়া বিপিএলের দলগুলোর জন্য কঠিন হয়ে যাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














