বিপর্যয়ের পর ধনঞ্জয়া-মেন্ডিসের দেড়শ রানের জুটি

টেস্ট ক্রিকেটকে বলা হয় জীবনের প্রতিচ্ছবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুদ্রার দুই পিঠই দেখেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় সেশনে আবার বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে শ্রীলঙ্কা।

সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৫৭ রানে ৫ ‍উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দেড়শ রানের জুটি গড়লেন দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।

পেসার খালেদ আহমেদের পেসে রীতিমতো কাঁপছিলো সফরকারী দল। প্রতিপক্ষের প্রথম তিন উইকেট তুলে নেন ডানহাতি মিডিয়াম এই পেসার। শ্রীলঙ্কার চতুর্থ উইকেটটি ছিলো অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যথুস। সময়ের সাথে যেন পেরে উঠছেন না তিনি। হয়েছেন রান আউট। টেস্টে রান আউটকে ‘অপরাধ’ হিসেবে বিবেচনা করা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হয়েছিলেন টাইম আউটের শিকার।

১৭তম ওভারের দ্বিতীয় বলে দীনেশ চান্ডিমাল আউটের পর ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম সেশনের পাঁচ ওভার চার বলের পর দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টাতেও বাংলাদেশের বোলারদের কোন সুযোগ দেননি তারা।

প্রথম সেশনে পাঁচ ওভার চার বলের পাশাপাশি দ্বিতীয় সেশনের পুরো ২৭ ওভার অবিচ্ছিন্ন থেকে ‘টি-ব্রেকে’ গেছেন ধনঞ্জয়া-কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধনঞ্জয়া ৮৩ ও মেন্ডিস ৭৫ রানে অপরাজিত আছেন।

Exit mobile version