১০০ দিন বাকী থাকতেই বেজেছিলো বিশ্বকাপের দামামা। অপেক্ষা কেবল খেলা মাঠে গড়ানোর। একমাত্র পাকিস্তান বাদে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাকী ১৯ দল। এবারও প্রতিবারের মতো নিজেদের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকারা। এবার চমক জাগানিয়া ঘোষণা দিয়ে তাঁদের সাথে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারা।
স্বাভাবিকভাবে শুরুতেই নিজের দেশকে সেরা চারের তালিকায় রেখেছেন লারা। তবে চমক হিসেবে এশিয়ার দল আফগানিস্তানকে সেমিফাইনালে দেখছেন এই কিংবদন্তী। তাঁর মতে এবারের বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে আরেক এশিয়ান দেশ ভারত। সাথে থাকবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও।
এমনকি উইন্ডিজের সাথে ফাইনালে ভারত খেলবে বলেও মনে করছেন তিনি। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিৎ। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দল হয়ে খেললে তারা ভালো করতে পারে। ভারতীয় দল গঠনে অনেক জলঘোলা হলেও, তারা শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, সমুদ্র সৈকতে ঘুরে এবং তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’
