বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ ছুঁলেন রোনালদো

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ ছুঁলেন রোনালদো

কিংবদন্তি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো! একের পর এক গোল করে একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সহস্র গোলের মাইলফলকের কাছাকাছি। আর ইউরোপের কোনো ক্লাবেই থিতু হতে না পারা জোয়াও ফেলিক্স রোনালদোর সংস্পর্শে এসে সৌদি আরবে গোলের রথ ছোটাচ্ছেন।

এই দুই পর্তুগিজের নৈপূণ্যে সৌদি প্রো লিগে উড়ছে আল নাসর। শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধে জোয়াও ফেলিক্স এগিয়ে দেন আল নাসরকে। এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন রোনালদো।

কদিন আগেই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেছেন ৯৫০ গোলের মাইলফলক। অর্থাৎ হাজার গোল করতে ৪০ পেরোনো রোনালদোর প্রয়োজন আর মাত্র ৫০ গোল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্‌যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’

লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে আল নাসর। ১৮  ম্যাচের ২৫ মিনিটে আল নাসরকে লিড এনে দেন ফেলিক্স। চলতি মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এটি লিগে তার পঞ্চম ম্যাচে নবম গোল। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। অবশেষে ৮৮ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ গোল। রোনালদো এই গোল করেছেন পাঁচ ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে।

স্পোর্টিং সিপিতে ক্যারিয়ার শুরুর পর ক্লাবটির হয়ে করেছেন ৫ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫ গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে করেছেন রোনালদো। জুভেন্টাস ও আল নাসরের হয়ে করেছেন যথাক্রমে ১০১ ও ১০৬ গোল। এর বাইরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও করেছেন ১৪৩ গোল।

Exit mobile version