স্পেনভিত্তিক বৈশ্বিক ফুটবল প্ল্যাটফর্ম ‘ফ্যানস ইলেভেন’-এর নতুন দূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের ক্রীড়াভিত্তিক কন্টেন্ট নির্মাতা আজিম নওয়াজ খান। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের স্পোর্টস কন্টেন্ট ইন্ডাস্ট্রির জন্যও একটি বড় মাইলফলক।
ফুটবল কেন্দ্রিক গল্প বলার ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পরিচিত আজিম নওয়াজ, বিশেষ করে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ঘিরে তার আবেগপূর্ণ কভারেজের জন্য খ্যাত। ফ্যানস ইলেভেনের সঙ্গে এই নতুন সহযোগিতা স্থানীয় এবং আন্তর্জাতিক দর্শকদের মধ্যে এক নতুন ইন্টার্যাক্টিভ সংযোগ গড়ে তুলবে।
আজিম নওয়াজ বলেন, ‘ফ্যানস ইলেভেন’র মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা শুধু আমার জন্য একটি অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিয়েটর ইকোসিস্টেমের জন্যও এক গর্বের মুহূর্ত। এটি দেখায় যে আমাদের কণ্ঠ, গল্প এবং ফুটবলের প্রতি ভালোবাসা বৈশ্বিক মঞ্চের জন্য প্রস্তুত।’
ফ্যানস ইলেভেন এই মৌসুমে তাদের অ্যাপ বৈশ্বিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। নতুন এই প্ল্যাটফর্মে বাংলাদেশি ফুটবল কমিউনিটিকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করবেন আজিম নওয়াজ। এর মাধ্যমে বাংলাদেশি ফুটবল ভক্তরা আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে আরও সমৃদ্ধ ক্রীড়া অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।
বিশ্বমানের ফুটবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের উপস্থিতি তুলে ধরার ক্ষেত্রে আজিম নওয়াজের এই পদক্ষেপ নতুন প্রেরণা যোগাবে স্থানীয় ক্রিয়েটরদের। স্পোর্টস কনটেন্ট ইন্ডাস্ট্রির দ্রুত বৃদ্ধির প্রেক্ষাপটে এটি দেশের ক্রীড়া সাংবাদিকতা এবং ডিজিটাল কনটেন্ট নির্মাণের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
