ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সিলেট টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৩১ রানের জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৬৮.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গেল টাইগাররা। এ নিয়ে টানা পাঁচ ইনিংসে দুইশ ছুঁতে পারল না বাংলাদেশ। পাঁচটিই নিজেদের মাঠে। ফলে শ্রীলঙ্কার চেয়ে এখনও ৩৫৩ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার টেস্টের তৃতীয় দিন সকালে আগের দিন করা এক উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল স্বাগতিকরা। আর দিনের শুরুটাও ছিল দারুণ। আগের দিন জাকির ২৮ ও তাইজুল শূন্য রানে অপরাজিত ছিলেন। কিন্তু এ দিন দলীয় ৯৬ রানের পর লঙ্কানদের মাত্র ১০ মিনিটের ঝড়ে ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। হাফসেঞ্চুরির পর জাকির বিদায় নেন ৫৪ রানে।

এরপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নেমে ১ রানেই আউট। দলীয় ১০৩ রানের মাথায় তাইজুল ইসলাম ২২ রান করে বিদায় নেন। এরপর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লিটন-সাকিবরা। মুমিনুল হকের ৩৩ রান ছাড়া সবাই ব্যর্থ। টেস্টেও ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন লিটন দাস। সাকিব ১৫,লিটন ৪,শাদাত হোসেন ৮,মেহেদী হাসান মিরাজ ৭ ও খালিদ বিদায় নেন ১ রানে।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রানে থামে সফরকারী শ্রীলঙ্কা।

Exit mobile version