বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো আবারও মাঠে নামছে। ফুটবল ভক্তদের জন্য বহুল প্রতীক্ষিত ম্যাচটিও মাঠে গড়াবে এদিন। যেখানে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ষষ্ঠ পর্বের ম্যাচে এটি। পঞ্চম পর্ব শেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১২ পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে।
দুই বছর আগে ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। মাঠে নেমেছিল মেসিরা, ম্যাচও শুরু হয়েছিল। তবে শেষ হতে পারেনি। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের হস্তক্ষেপে ম্যাচটি বাতিল করা হয়েছিল। বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হওয়ার অজুহাতে ম্যাচটি বাতিল করা হয়েছিল।
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের দুঃশ্চিন্তার শেষে নেই। ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় নেইমারকে পাচ্ছে না তারা। প্রতিপক্ষের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে কিভাবে আটকাবে তারও সমাধান নেই তাদের কাছে। ফলে দুঃশ্চিন্তায় কপালে ভাঁজের সংখ্যা বেড়ে চলেছে ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজের।
এতসব দুঃশ্চিন্তার মধ্যে স্বস্তি যে নেই তা নয়। আশ্বস্ত হতে ব্রাজিলের কোচের জন্য অতীতই যথেষ্ট। বিশ্বকাপ বাছাই পর্বে এ পর্যন্ত নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে কখনোই হারেনি ব্রাজিল। বাছাই পর্বে এ দুটো দল খুব বেশি যে মুখোমুখি হয়েছে তাও নয়। তবে নিজেদের মাটিতে বাছাই পর্বে চির প্রতিদ্বন্দ্বী দলটিকে কখনো জিততে দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসিদের সামনে সেই দুর্ভেদ্য দুর্গ ছেদ করার সুযোগ এ ম্যাচে। দারুণ ছন্দে থাকা দলটি ব্রাজিলের বাধা উপেক্ষা করে আবার জয়ের ট্রাকে ফিরতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। গত ১৭ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে নিজেদের মাটিতেই ২-০ গোলে হেরেছে তার দল। এই হারে তেতে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলও তাদের সর্বশেষ ম্যাচে হারের মুখ দেখেছে। কলম্বিয়ার মাঠে চতুর্থ মিনিটে গোল করলেও দ্বিতীয়ার্ধের জোড়া গোলে ২-১ গোলের পরাজয় নিয়ে ফিরেছে দিনিজের শিষ্যরা।
এ পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ৯ বার মুখোুমখি হয়েছে। চার জয় ব্রাজিলের, দুই জয় আর্জেন্টিনার।
