২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলকে গুছিয়ে নিতে ব্যস্ত কার্লো আনচেলত্তি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সাফল্যের ছাপ রেখে আসা এই অভিজ্ঞ কোচ এখন সেলেসাওদের নতুন স্বপ্ন দেখাচ্ছেন। তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল ব্রাজিলের কোচিং স্টাফ। কার্লোর দীর্ঘদিনের সহকারী ও ছেলে ডেভিড আনচেলত্তি বিদায় নিচ্ছেন জাতীয় দল থেকে।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, ৩৫ বছর বয়সী ডেভিড ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ক্লাবটি সদ্য কোপা লিবার্তাদোরেস থেকে বিদায় নেওয়ার পর প্রধান কোচ রেনাতো পাইভাকে বরখাস্ত করে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভিড, যিনি এখন নিজেই হেড কোচ হিসেবে নিজস্ব কোচিং স্টাফ গঠন করবেন।
রিয়াল মাদ্রিদ, এভারটন, বায়ার্ন মিউনিখ ও নাপোলিতে বাবার পাশে থেকে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ডেভিড। এবারই প্রথমবারের মতো নিজস্ব পরিচয়ে নেতৃত্ব দেবেন একটি শীর্ষ পর্যায়ের ক্লাবকে। আগামী সপ্তাহেই তিনি রিও ডি জেনেইরোতে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ডেভিড আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলে সম্পূর্ণরূপে ব্যক্তিগত চুক্তি ছিল না। তিনি মূলত কার্লো আনচেলত্তির স্টাফ হিসেবে যুক্ত ছিলেন। ফলে তার চলে যাওয়ায় জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বাধা না থাকলেও, কোচিং কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ ফাঁকা জায়গা তৈরি হলো।
ব্রাজিল দলের জন্য এটি একটি মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। বিশ্বকাপের পথে গুছিয়ে নেওয়া দলে পরিবর্তন সামলাতে হবে দ্রুতই। এখন দেখার বিষয়, আনচেলত্তি নতুন সহকারী হিসেবে কাকে বেছে নেন এবং তার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলে দলে।
