ভারতকে হারিয়ে নতুন ইতিহাস বাভুমার

ভারতকে হারিয়ে নতুন ইতিহাস বাভুমার

ভারতকে হারিয়ে নতুন ইতিহাস বাভুমার। কলকাতা টেস্টে ভারতকে হারানোর পর নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। একই সাথে ভারতের বিপক্ষে এই টেস্টে দলের বিপদে বটগাছের মতো দাঁড়িয়ে ছিলেন ছায়া হয়ে। দ্বিতীয় ইনিংসে তারই করা ৫৫ রান ম্যাচের সর্বোচ্চ। তাতেই ভারতকে ১২৪ রানের ছোট লক্ষ্য দিয়েও ৩০ রানের জয় এসেছে। এই ম্যাচ শেষে অধিনায়ক বাভুমা গড়েছেন বিশ্ব রেকর্ড।

২০২৩ সালে ডিন এলগারের কাছ থেকে টেস্টে নেতৃত্ব পান বাভুমা। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে নতুন অধ্যায় শুরু। তারপর থেকে সবশেষ ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করলেন ১১ টেস্টে। এরই মধ্যে গত জুনে লর্ডসে এসেছে বিরাট সাফল্য। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘মেস’ জেতে তারা।

এই ১১ টেস্টে অধিনায়ক বাভুমা অনন্য কীর্তি গড়েছেন। একটিও ম্যাচ হারেননি তিনি, ১০টি জিতেছেন, অন্যটি ড্র-ওয়েস্ট ইন্ডিজের মাঠে। আর অধিনায়ক হিসেবে প্রথম ১১ ম্যাচের হিসাবে এমন সাফল্য নেই আর কারো। গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

সেই জয়টা ছিল অধিনায়ক হিসেবে দশম টেস্টে টেম্বা বাভুমার নবম জয়। অধিনায়ক হিসেবে প্রথম ১০ ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যানের পাশে বসেছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। তবে চ্যাপম্যান অন্য ম্যাচটি হারলেও বাভুমা প্রথম ১০ ম্যাচে অপরাজিত ছিলেন।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শুরুর ১১ ম্যাচের ১০টি জিতেছেন বাভুমা। সবশেষ কলকাতা জয়ে বিশ্ব রেকর্ড ও ধরা দিয়েছে তার কাছে। কোনো ম্যাচ না হেরে ১০ টেস্ট জেতা দ্রুততম খেলোয়াড় তিনি।অধিনায়ক হিসেবে কোনো টেস্ট না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় এখন সবার উপরে আছেন বাভুমা। ১৯০২ থেকে ১৯২১ সাল পর্যন্ত কোনো ম্যাচ না হেরে আটটি জিতে এই তালিকায় দুই নম্বরে অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং। এই সময়ে তিনি ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে বাকি দুটি ড্র করেছিলেন।

Exit mobile version