দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন বাংলাদেশ ওপেনার নাঈম শেখ। ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে শুক্রবার (৪ অক্টোবর) রাতের ফ্লাইটে ঢাকা ছাড়েন নাঈম, শনিবার ভোরে পৌঁছান আমিরাতে। ঠিক সেই দিনই মাঠে নামছে বাংলাদেশ—সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে।
টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সৌম্য সরকারও একই সমস্যায় পড়েছিলেন। ভিসা না মেলায় শেষ পর্যন্ত তিনি সিরিজ থেকেই ছিটকে যান। একই আশঙ্কা ঘিরে ধরেছিল নাঈমকেও, তবে শেষ মুহূর্তে ভিসা অনুমোদন পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন নাঈম শেখ। সিরিজে বাংলাদেশের জয়ের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন,
‘যারা ক্রিকেট খেলে, তাদের এত চাপ কিসের! জয়ের আশাতেই যাচ্ছি। এখন লক্ষ্য একটাই—বাকি দুই ম্যাচে জয় পাওয়া। টিমের সঙ্গে আগের ওয়ানডে সিরিজেও ছিলাম। এবারও ভালো উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। ভিসা জটিলতা কাটিয়ে যেতে পারছি, এটা অবশ্যই স্বস্তিদায়ক।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে বাংলাদেশ। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। সিরিজের শেষ ওয়ানডে হবে আগামী ১৪ অক্টোবর একই মাঠে।
এদিকে বিসিবি ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমনের। কাঁধের ইনজুরিতে ভুগছেন এই তরুণ ব্যাটার। নাঈম শেখের ভিসা জটিলতা তৈরি হওয়ার পর ইমনকে বিকল্প হিসেবে নেওয়ার আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর প্রয়োজন পড়েনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















