নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর বেশ স্বস্তিতেই রয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার কোনো অনুশীলনে নামেনি আফঈদা খন্দকার-মুনকি আক্তাররা। টিম হোটেলের সুইমিং পুলে রিকোভারি সেশন করে ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন ফুটবলাররা।

আগামী ম্যাচে প্রতিপক্ষ ভুটান বলে আলাদা কোনো চাপ নেই বাংলাদেশের মধ্যে। কাগজ-কলমের হিসেবেও শক্তির বিচারে এগিয়ে রয়েছে পিটার বাটলারের শিষ্যরা। ফুটবল পাড়ায় বরং আলোচনার বিষয়—ভুটানের জালে কতবার বল জড়াবে বাংলাদেশ!
নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল ৩টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপাল ম্যাচে কাঙ্ক্ষিত জয় পাওয়ায় দলের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বাংলাদেশ অধিনায়ক আফঈদা বলেন, “আমরা নেপালের বিপক্ষে যে লক্ষ্য নিয়েছিলাম, তা পূরণ করতে পেরেছি। আল্লাহর রহমতে আমরা কাঙ্ক্ষিত জয় পেয়েছি। সোমবার সুইমিং পুলে সবাই মজা করেছে। ভুটানের বিপক্ষে ম্যাচে কোচের পরিকল্পনা মাঠে বাস্তবায়নের চেষ্টা করব।”

দুই ম্যাচ খেললেও বিশ্রামের সুযোগ খুব একটা পায়নি মেয়েরা। নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই জয় এসেছে বাংলাদেশের ঝুলিতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে ভুটান দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে। নেপালের কাছে ৬-১ গোলে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় তারা।

তবে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামলেও বাংলাদেশ দলে থাকবে এক বড় পরিবর্তন। লাল কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সাগরিকা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকসহ দুই ম্যাচে চার গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড। ফলে আক্রমণভাগে তাকে ছাড়া পরীক্ষা দিতে হবে আফঈদাদের।
ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, আজকের ম্যাচে বাংলাদেশের মেয়েরা হয়তো আরও বড় জয় তুলে নিতে পারে। তবে মাঠে লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই মূল লক্ষ্য কোচ পিটার বাটলার ও তার শিষ্যদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















