মেসিকে কেন্দ্র করে টিকিট বিক্রির রেকর্ড

লিওনেল মেসিকে কেন্দ্র করে একের পর এক মাইলফলক স্পর্শ করছে যুক্তরাষ্ট্রের ফুটবল। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটিতে বহু দর্শক মেসির কারণেই মাঠমুখি হচ্ছেন। এবার সর্বোচ্চ টিক্রিট বিক্রির রেকর্ড গড়তে যাচ্ছে মেজর লিগ সকারের একটি ম্যাচ। আগামী ২৮ এপ্রিল ম্যাসাচুসেটস স্টেটের জিলেট স্টেডিয়ামে ‘নিউ ইংল্যান্ড রেভুল্যুশন’ ক্লাবের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ওই ম্যাচের একমাসেরও বেশি সময় আগে ওই ম্যাচের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ম্যাচের জন্য ৬০ হাজারের বেশি টিক্রিট বিক্রি হয়ে গেছে। আয়োজকরা জানিয়েছেন তাদের কাছে এখন টিকিট আছে পাঁচ হাজারেরও কম।

নিউ ইয়র্কের পাশ্ববর্তী এই স্টেটে খেলাধুলার জন্য বিশেষখ্যাতি আছে আগে থেকেই। আলোচিত জিলেট স্টেডিয়ামে ২০০২ সালের এক ম্যাচে সর্বোচ্চ ৬১,৩১৬ জন দর্শক খেলা দেখেছেন। মেজর লিগ সকার কাপের ম্যাচটিতে নিউ ইংল্যান্ড রেভুল্যুশনের মুখোমুখি হয়েছিলো এলএ গ্যালাক্সি।

ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে মেসি বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে ছিলেন। ইন্টার মায়ামি কিংবা জাতীয় দলের হয়ে খেলা হচ্ছেনা এলএম টেন’র। তাকে ছাড়াই গত ২৩ ও ২৭ মার্চ যথাক্রমে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে একাদশ সাজিয়েছেন লিওনেল স্কালোনি। মেসিকে পায়নি তার ক্লাব ইন্টার মায়ামিও।

ফলে ২৮ এপ্রিল জিলেট স্টেডিয়ামে মেসিকে পাওয়ার শংকা থেকেই যাচ্ছে। অবশ্য ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, ‘প্রতি সপ্তাহেই মেসির ইনজুরি পরীক্ষা করা হচ্ছে। পুরোপুরি সুস্থতা ফিরে পেতে কিছুটা সময় লাগছে। আশা করছি দ্রুতই সে মাঠে ফিরবে।’

Exit mobile version