মেসি কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন?

নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে চোটে পড়েন মেসি।

নেকাক্সার বিপক্ষে লিগস কাপে মাঠে নামার মাত্র ১২ মিনিটেই চোটে পড়েন লিওনেল মেসি। সঙ্গে সঙ্গে উঠে যান মাঠ থেকে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় গুঞ্জন—আবার কবে ফিরবেন মেসি? আদৌ কি ফিরবেন এই আসরে?

তবে আলোচনার কেন্দ্রে এখন শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও তাঁর সম্ভাব্য বিদায়ঘণ্টা। আর্জেন্টিনার হয়ে বুয়েন্স আয়ার্সে ঘরের মাঠে ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে দল। অনেকেই মনে করছেন, এই ম্যাচটাই হতে পারে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। কিন্তু সেই ম্যাচেই যদি মেসিকে না দেখা যায়?

ইন্টার মায়ামি পরে এক বিবৃতিতে জানায়, মেসির ডান পায়ের পেশিতে হালকা চোট ধরা পড়েছে। বড় কিছু নয়, তবে পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে দেখা যাবে না। কখন ফিরবেন—তা নির্ভর করছে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।

এরই মধ্যে পুমাস ও অরল্যান্ডোর বিপক্ষে লিগস কাপের পরের দুই ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনা প্রবল। ফলে ভক্তদের চোখ এখন সেপ্টেম্বরের জাতীয় দল ম্যাচের দিকেই। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে মেসি নামতে না পারলে, দেশের মাঠে জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ উপস্থিতিটাও আর দেখা হবে না সমর্থকদের।

৩৮ বছর বয়সে দাঁড়িয়ে থাকা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে বলেই মনে করছেন অনেকে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন কি না, তা নিশ্চিত নয়। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে বুয়েনস আয়ার্সের ম্যাচটা তাঁর শেষ হতে পারে—এমন শঙ্কা এখন কোটি সমর্থকের হৃদয়ে।

আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ নৈপুণ্য যদি দেশের মাটিতে হয়, তবে সেটাই হোক—এমন প্রত্যাশা নিয়ে দিন গুনছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু চোট যদি সে সুযোগ কেড়ে নেয়, তাহলে তা হয়ে উঠবে মেসি অধ্যায়ের এক অপূর্ণ সমাপ্তি!

Exit mobile version