মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই বিশ্বফুটবলে কাঙ্খিত দৃশ্যগুলোর একটি। তাদের দ্বৈরথে স্প্যানিশ লা লিগা পৌঁছে গিয়েছিলো অনন্য উচ্চতায়। তারাও লা লিগা ছেড়েছেন আর দৃশ্যপট থেকেই যেন হারিয়ে গেছে রিয়াল-বার্সেলোনার লড়ায়ের খবর। তবে মেসি বা রোনালদো এখন খবরের শিরোনাম হন নিয়মিত নিজেদের কোটি ভক্ত সমর্থকের কারণে। তাদের জন্যই সুখবর ফেব্রুয়ারি মরুর বুকে মুখোমুখি হতে যাচ্ছেন তারা।
এই দুই তারকা আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন। মেসির ক্লাব ইন্টার মায়ামি স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি আরবে রিয়াদ সিজন কাপে খেলার ব্যাপারে সুবজ সংকেত দিয়েছে ইন্টার মায়ামি। আগে থেকেই এ ব্যাপারে আলোচনা চলছিল, কিন্তু মায়ামি সৌদি সফরে আসবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিল। অবশেষে তারা সিদ্ধান্ত চুড়ান্ত করেছে।
তারই অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি মেসি ও রোনালদো মুখোমুখি হবেন। এদিন মায়ামি আল নাসরের বিপক্ষে খেলবে। এর আগে ২৯ জানুয়ারি সৌদি আরবের আরেক জনপ্রিয় ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি।
রিয়াদ সিজন কাপে খেলার বিষয়টি চূড়ান্ত করে মায়ামির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেন, ‘সৌদি আরবের খেলা ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই টুর্নামেন্ট খেলে আমরা উপকৃত হবো। আমরা আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াও আমাদের জন্য বড় ব্যাপার। আমরা দারুণ শিহরিত।’
মেসি ও রোনালদো ক্লাব ও দেশের হয়ে একে অপরের বিপক্ষে ৩৭ বার মুখোমুখি হয়েছেন। মেসির ১৭ জয়ের বিপরীতে রোনালদোর জয় ১১টা। ড্র হয়েছে ৯ ম্যাচ। অবশ্য গোলের সংখ্যায় উভয়েই সমানে সমান। করেছেন ২৩টি করে গোল। তবে মেসি তো শুধু গোলই করেন না। অ্যাসিস্টেও তিনি রাজা। এলএম টেনের ১২ অ্যাসিস্টের তুলনায় রোনালদো করেনছেন মাত্র একটায় অ্যাসিস্ট।
রিয়াদ সিজন কাপে অংশ গ্রহণ নিশ্চিত করায় ইন্টার মায়ামি এখন প্রাক মৌসুমে চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ১৯ জানুয়ারি তারা এল সালভাদরের জাতীয় দলের বিপক্ষে খেলবে। ৪ ফেব্রুয়ারি হংকংয়ের বিপক্ষে ম্যাচ তাদের। তারপরেই আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলবে মেসির দল। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে মেজর সকার লিগ মৌসুম।
