আইপিএলের গত মৌসুমে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিড়িয়েছিলো দিল্লি ক্যাপিটালস। যদিও প্রথমে ধারণা করা হয়েছিলো দিল্লির জার্সিতে নিয়মিত একাদশে দেখা যাবে তাঁকে। সেবার তা হয়ে ওঠেনি। তবে চেন্নাইয়ে দেখা গেলো বিপরীত এক চিত্র।
সেবার ফিজকে কেনো একাদশে সুযোগ দেয়া হয়নি তা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি। এই ইস্যুতে ভারতীয় কিংবদন্তী বলেন, ‘মোস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে।’
সেবার সৌরভ মোস্তাফিজের ভূল ধরিয়ে দিলেও তা দিয়ে খুব একটা উপকার হয়নি। এবার চেন্নাইয়ের জার্সিতে ধোনির সাথে খেলছেন বাংলাদেশের এই তারকা পেসার। উইকেটের পেছনে ভারতের এই কিংবদন্তী থাকায় রীতিমত বদলে গেছেন মোস্তাফিজ।
ধোনির সাথে মোস্তাফিজ জুটির প্রশংসায় ভেসেছেন ক্রিকেট বিশ্লেষকরা। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে হলুদ জার্সিধারীরা। গুজরাট টাইটান্সের বিপক্ষে তাঁদের এমন দাপুটে জয়ের পর সাবেক কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ধোনিকে দেখে অনেক নির্ভার মনে হয়েছে। মোস্তাফিজ যখন বোলিংয়ে এলো, ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করছিল। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবেই দিনের পর দিন ধরে ধোনি সার্ভিস দিয়ে আসছে।’
এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে চেন্নাই। এই দুই ম্যাচেই বোলিংয়ের সময় মোস্তাফিজের সাথে একাধিকবার কথা বলেছেন ধোনি। এই বিষয়টি নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তী রোহান গাভাস্কার। ফিজকে নিয়ে তিনি বলেন, ‘এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে। ভাই, আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো। সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।’
