মোহামেডানের নাটকীয় জয়ে আবাহনীর বিপক্ষে ফাইনাল

জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ডিপিএলের ১৫তম রাউন্ডের খেলায় জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। ফলে শিরোপা জয়ের সুযোগ আছে দুই দলের সামনেই। সেরা এই দুই দলের মধ্যে যে দল জিতবে তারাই শিরোপা জিতবে! নাটকীয় ম্যাচে শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মোহামেডান তারা হারায় ইনিংসের একেবারে শেষ বলে। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৭ রান নিয়ে ৪ উইকেটে জিতেছে মোহামেডান।

শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাইভোল্টেজ ম্যাচে এনামুল হক বিজয়কে ছাড়াই গাজী গ্রুপ আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে।

দলটির পক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন ওপেনার মুনিম শাহরিয়ার। ৮২ বলে তিনি ১০টি চার ও ২টি ছক্কা হাঁকান। এ ছাড়া শেখ পারভেজ জীবন ৩৩ ও গাজী তাহজিবুল ইসলাম ৩২ রান করলে লড়াইয়ের পুঁজি পায় গাজী গ্রুপ। যদিও নির্ধারিত ওভারের ২ বল বাকি থাকতেই তারা অলআউট হয়ে যায়। বিপরীতে মোহামেডানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জবাবে মোহামেডান ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার আনিসুল ইসলামকে হারায়। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তাওহীদ হৃদয় ৫০ বলে ৩৭ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৬২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন। আরেকপ্রান্তে ধীরগতির ব্যাট চালানো সাইফউদ্দিন অবশ্য জয় নিশ্চিত করে উঠেছেন। ওপেনার রনি তালুকদার ৮৩ বলে ৫৫ রান করেন। সাইফউদ্দিন ৫৫ বলে করেন ৩০ রান। শেষ বলেই নিশ্চিত হয় মোহামেডানের জয়।

Exit mobile version