ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সামনে আবার ট্রেবল জয়ের সুযোগ। তবে গত শনিবার সেই সম্ভাবনায় বড় এক ধাক্কা লেগেছে। প্রিমিয়ার লিগে এ মৌসুমে ধুকতে থাকা চেলসির সঙ্গে নিজেদের মাঠের খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। প্রথমার্ধে রহিম স্টার্লিং চেলসিকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের শেষ মুহুর্তে গোল পরিশোধ করেন রদ্রি।
রদ্রির গোলের সুবাদে নিজেদের মাঠে অপরাজিত থাকার কীর্তি ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। গত ১৫ মাস নিজেদের মাঠে হারেনি তারা। এ ম্যাচে ড্র’র ফলে গত ৯ ম্যাচে অপরাজিত থাকলো ট্রেবল জয়ের স্বপ্ন দেখা দলটি। ২৪ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট এখন ৫৩। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। আর দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২। তবে লিভারপুলের হাতে এখনো একটা ম্যাচ বাকি রয়েছে।
দুই প্রতিপক্ষের মধ্যে পার্থক্য ছিল বিশাল। সাবেক চ্যাম্পিয়ন চেলসি এখন নিজেদের হারিয়ে খুঁজছে। কোনোমতো শীর্ষ দশে নিজেদের ধরে রেখেছে। এমন অবস্থায় চেলসিকে শুরুতেই চেপে ধরেছিল ম্যানসিটি। প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল তারা। কিন্তু এদিকে নিজেদের রক্ষণভাগ যে অরক্ষিত হয়ে পড়েছে তা তারা নজরে আনেনি। আর এই সুযোগটা কাজে লাগায় চেলসি। ৪২ মিনিটে ত্বরিত এক প্রতি আক্রমণ থেকে তারা ব্যবধান গড়ে নেয়। নিকোলাস জ্যাকসন দারুণ এক বল পাঠান রহিম স্টার্লিংয়ের দিকে। সিটির ডিফেন্ডার কাইলি ওয়াকারকে বোকা বানিয়ে গোলরক্ষক এডেরসনকে ফাঁকি দেন সিটির সাবেক এই স্ট্রাইকার।
প্রথমার্ধের শেষ মুহুর্তে গোল হজমের পর ম্যানসিটি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। কিন্তু চেলসির রক্ষণভাগ তাদের জন্য যেন চীনের প্রাচীর হয়ে দেখা দিয়েছিল। অবশেষে রদ্রির কৃতিত্বে তারা মাথা কিছুটা হলেও উঁচু করে মাঠ ছাড়তে সমর্থ হয়। সিটি অন্তত ৩১টি শট নিয়েছে চেলসির পোস্ট লক্ষ্য করে। কিন্তু মাত্র পাঁচটি শট তারা পোস্টে রাখতে সমর্থ হয়।
এ ম্যাচে জয় পেলে ম্যানসিটির সামনে শীর্ষে ওঠার সুযোগ থাকতো। আগামী মঙ্গলবার ব্রেন্টফোর্ডকে হারালেই তারা শীর্ষে চলে আসতো। কিন্তু এখন সামনের পথটা অনেক অনেক কঠিন হয়ে পড়েছে। চেলসির কাছে পয়েন্ট হারানোয় এখন তাদের দ্বিতীয় স্থানের উপরে ওঠার সুযোগ নেই।
