‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি যথাযথ হবে না’। গত চার মে ক্রিকেটার রুবেল হোসেনের মটরসাইকেল শো রুম ‘রুবেল এক্সপ্রেস’ এর উদ্বোধনীতে এসে বলা এই কথাটা যে বুকে শেল হয়ে বিধবে তা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন সাকিব আল হাসান?
সেই দলটার বিপক্ষে ২১ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমেপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
পারফরমেন্স নিয়ে সাম্প্রতিক অতীতে এতোটা চাপের মধ্যে পড়েনি বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের কারণগুলিকে ‘স্রেফ’ অজুহাত হিসেবে দেখছেন দল সংশ্লিষ্টরা। বোর্ড পরিচালক ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তো বলেই দিয়েছেন, ‘উইকেটের বাহানা দেয়া উচিত নয়, উইকেট কখনো বাহানা হতে পারে না জাতীয় দলের তারকাদের কাজই হচ্ছে পারফর্ম কর’।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, ‘আমেরিকার বিপক্ষে এমন পরাজয় হতাশার। খুব দ্রুত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে , পরিবর্তন আনতে হবে’।
সবমিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই চাপের মুখে নাজমুল হোসেন শান্তর দল।
