যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব আল হাসান

দ্বিতীয় বারের মতো হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) খেলবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিকপক্ষের দল লস অ্যাঞ্জেলেস। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়া লিগ, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের পুরুষ ও নারী দল এবং আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স দলটাও তাদের।

কলকাতা নাইট রাইডার্স দলে দুই দফায় মোট আট মৌসুম ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ আসরে দলটির শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। নাইট রাইডার্সের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সাকিবকে লস অ্যাঞ্জেলেসে নেওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। এক বিবৃতিতে তারা জানিয়েছে,‘নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১২ ও ২০১৪ সালে আমাদের দুটি শিরোপা জয়ের মৌসুমসহ বিভিন্ন পর্যায়ে কলকাতার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে তাকে পার্পল অ্যান্ড গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না।’

Exit mobile version