যুব বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ। গতকাল রাতে শেষ হয়েছে ২০২৪ যুব বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। এর আগে ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশের যুবারা।

চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ডে খেলেছে ১৬টি দল। প্রতি গ্রুপ থেকে ৩টি করে দল উঠেছে সুপার সিক্সে। এখানে ১২টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নিবে সেমিফাইনালে।

ছয়টি দল নিয়ে মোট দুইটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকলেও প্রতিটি দল ম্যাচ খেলবে দুইটি। গ্রুপ ওয়ানে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল।

‘এ’ গ্রুপ থেকে ওঠা তিন দল এবং ‘ডি’ গ্রুপ থেকে ওঠা তিন দল নিয়ে গড়া হয়েছে গ্রুপ ওয়ান। এই গ্রুপের ছয়টি দল হচ্ছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপে দ্বিতীয় হওয়া বাংলাদেশ নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।

সুপার সিক্সের গ্রুপ ‘টু’-তে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে।

আগামী ৩০ জানুয়ারি শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব।

নিজেদের প্রথম ম্যাচে আগামী ৩১ জানুয়ারি ব্লুম্ফন্টেইনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে টাইগার যুবাদের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ ফেব্রুয়ারি।

Exit mobile version