রদ্রিগোর জোড়া গোলে লা লিগায় দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদঅ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে। অন্য গোলটি করেছেন জুডে বেলিংহাম।
এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ১৪ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট তাদের। ৩৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জিরোনা। তবে জিরোনা একটা ম্যাচ কম খেলেছে। এছাড়া ৩১ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। বার্সেলোনার পয়েন্টও ৩১। বার্সেলোনা ১৪ ম্যাচ খেললেও অ্যাতলেতিকো মাদ্রিদ খেলেছে ১৩ ম্যাচ। আগের ম্যাচে বার্সেলোনা রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়েছে।
অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকেই রিয়াল মাদ্রিদ খেলায় আধিপত্য বজায় রেখেছিল। তার ফল পেতেও দেরি হয়নি। ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। রদ্রিগো করেন গোলটি। ব্রাজিলিয়ান এ তারকা খেলোয়াড় তার দ্বিতীয় গোলের দেখা পান ৬৪ মিনিটে। এ গোলটিও ছিল দর্শনীয়। রদ্রিগোর দ্বিতীয় গোলের ১০ মিনিট পর জুডে বেলিংহাম গোল করে দলের জয় নিশ্চিত করেন। এ মৌসুমে এটি ছিল ১১তম লিগ গোল।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, কখনো কখনো জটিল সমস্যা আপনাকে উজ্জ্বীবিত করতে সহায়তা করে। খেলোয়াড়রা এটা বুঝতে পেরেছে। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে দলের বাইরে রয়েছে। তারপরও খেলোয়াড়রা দারুণভাবে লড়েছে। দলে নেই থিবু কর্তোয়া, এদের মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র। সেই সঙ্গে বেলিংহামও ইনজুরি আক্রান্ত। তারপরও দল ভালো করেছে।
রিয়াল মাদ্রিদের পরবর্তী খেলা চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার তারা নাপোলির মুখোমুখি হবে। আনচেলোত্তির জন্য স্বস্তির বিষয় হচ্ছে ম্যাচে খুব একটা ঝুঁকি নিতে হচ্ছে না। কেননা এরই মধ্যে তারা নক আউট পর্ব নিশ্চিত করেছে।
এ সম্পর্কে আনচেলোত্তি বলেন, এ পর্যন্ত আমরা ভালো করেছি। দল ভালো লড়াই করছে। আমরা এরই মধ্যে অনেকগুলো ম্যাচে জয় পেয়েছি। এখন আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদেরকে গ্রুপ সেরা হতে হবে। এ ম্যাচ থেকে আমরা দারুণ আত্মবিশ্বাস পেয়েছি। আশা করছি সামনে ম্যাচ তা কাজে লাগবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















