ব্যাট হাতে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে নিজের জায়গা অনেক আগেই পাকাপোক্ত করেছেন জো রুট। তবে এবার ব্যাট নয়, বিশ্বরেকর্ড গড়লেন ফিল্ডিংয়ে। হেডিংলি টেস্টে ভারতের বিপক্ষে একটি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন এই ইংলিশ তারকা।
২৯৩ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়ে রুট ভাগ বসিয়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের রেকর্ডে। দ্রাবিড়ের একই সংখ্যক ক্যাচ নিতে লেগেছিল ৩০১ ইনিংস, যেখানে রুট তা করেছেন ৮ ইনিংস কমে।
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (২০৫ ক্যাচ), চারে রয়েছেন বর্তমান অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ (২০০* ক্যাচ, ২২৩ ইনিংস), আর পাঁচে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২০০ ক্যাচ, ৩১৫ ইনিংস)।
বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে রুটের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন স্মিথ, যার ক্যাচ সংখ্যা ২০০। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের আছে ১১৩ ক্যাচ, এরপর শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভার নাম—৮৬ ক্যাচ। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট ক্যাচ রয়েছে মুমিনুল হকের নামে—৪২টি।
ব্যাট হাতে ১৪ হাজার রানের মাইলফলকের দিকে ছুটছেন রুট, আর ফিল্ডিংয়েও এখন তিনি ইতিহাসের পাতায়। ক্রিকেট বিশ্বের অনেকেই বলছেন, রুট কেবল ব্যাটসম্যান হিসেবেই নয়, একজন নিখুঁত অলরাউন্ড ফিল্ডার হিসেবেও নিজের নাম অমর করে রেখেছেন।
