রিয়ালের আরো এক নাটকীয় জয়

লা লিগা

আরো একটা নাটকীয় জয় তুলে নিয়েছে স্প্যানিশ লিগের শিরোপা প্রত্যাশী দল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা পিছিয়ে থাকার পর লাস পালমাসকে ২-১ গোলে হারিয়েছে।

জাভি মুনোজের গোলে লাল পালমাস দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিলো। ভিনিসিয়াস জুনিয়র ও বদলি খেলোয়াড় আউরিলিয়েনের গোলে রিয়াল মাদ্রিদ নাটকীয় জয় তুলে নেয়।

এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ২১ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দুই পয়েন্ট পিছিয়ে থেকে তাদের অনুসরণ করে চলেছে এ মৌসুমের চমক জাগানো দল জিরোনা। ৫২ পয়েন্ট তাদের। আর শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা রয়েছে তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

এ ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদকে বেশ ভুগতে হয়েছে। বিশেষ করে জুডে বেলিংহামের অনুপস্থিতি তাদের বেশ সমস্যায় ফেলেছিল। হলুদ কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ায় এ ম্যাচে বেলিংহাম মাঠে নামতে পারেননি।

অন্যদিকে লাস পালমাস তাদের রক্ষণভাগ শক্ত করে প্রতি আক্রমণের কৌশল নিয়েছিল। ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে নিষ্ক্রিয় করে রেখেছিল স্বাগতিক পালমাস। তারপরও ম্যাচে বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছিল রিয়াল।

কিন্তু ৫৩ মিনিটে তাদের চমকে দেন জাভি মুনোজ। চমৎকারভাবে দলকে এগিয়ে নেন তিনি। এ গোল যেনো রিয়ালকে জাগিয়ে তোলে। সব ধরণের প্রতিবন্ধকতা উড়িয়ে দিয়ে ভিনিসিয়াস জুনিয়র প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দেখা দেন। একের পর এক সমস্যা তৈরি করতে থাকেন। তার ফলও পায় রিয়াল।

৬৫ মিনিটে ভিনিসিয়াস ম্যাচে সমতাসূচক গোল করেন। আর ৮৪ মিনিটে জয়সূচক গোল করে তারা।

Exit mobile version