রেকর্ডের হেডিংলি টেস্টে ইতিহাস গড়েছে ইংল্যান্ড দল। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩৫০ রান করে টেস্ট ইতিহাসে পঞ্চম দিনের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার নজির গড়েছে তারা। তবে এই ঐতিহাসিক জয়ের দিনেই এক অনন্য কিন্তু দুঃখজনক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হ্যারি ব্রুক।
ইংলিশ ব্যাটার ব্রুক হয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি এক ইনিংসে ৯৯ রানে আউট হওয়ার পর অন্য ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। এর আগে এমন ঘটনা ঘটেনি আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছিলেন ব্রুক। এক রান দূরে থাকতেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন। দ্বিতীয় ইনিংসে সেই শার্দুলই আবার এনে দেন ব্রুকের দুর্ভাগ্য—প্রথম বলেই লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার পান্তের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে ৯৯ ও শূন্যের রেকর্ড আছে আরও চার ক্রিকেটারের। তবে সবার ইনিংসে ছিল অন্তত এক বলের সুযোগ। ভারতের পঙ্কজ রায় (১৯৫৯), পাকিস্তানের মুশতাক মোহাম্মদ (১৯৭৩), মিসবাহ-উল-হক (২০১৭) এবং বাবর আজম (২০১৮) এই তালিকায় থাকলেও কারো ভাগ্যে ছিল না গোল্ডেন ডাক।
তবে দল জেতায় ব্রুকের দুর্ভাগ্য কিছুটা হলেও চাপা পড়ে গেছে। যদিও ব্যক্তিগতভাবে এমন পরিণতি যে কোনো ব্যাটারের জন্য কষ্টের।
