চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে চূড়ান্ত নাটকীয়তা অপেক্ষা করছে। চতুর্থ দিনে কিছুটা এগিয়ে থাকা ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খেয়েছে। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার মাত্র ছয়টি উইকেট।
চতুর্থ দিন ইংল্যান্ড ১৫৪/৪ স্কোর নিয়ে শুরু করলেও ওয়াশিংটন সুন্দর তাদের ইনিংস এক ঝড়ে গুঁড়িয়ে দেন। সুন্দর তার স্পিন জাদুতে ৪ উইকেট নেন মাত্র ২২ রানে, যা গত দুই দশকে ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় স্পিনারের সেরা বোলিং ফিগার। তিনি বোল্ড করেন জো রুট এবং বেন স্টোকসকে, এরপর ফিরিয়ে দেন জেমি স্মিথ ও শোয়েব বশিরকে।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯২ রানে। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান। তবে লক্ষ্য সহজ মনে হলেও চতুর্থ দিনের শেষ বিকেলে ইংল্যান্ডের পেসাররা ম্যাচের চিত্র বদলে দেন।
ইনিংসের শুরুতেই ইয়াশাসভি জয়সওয়াল শূন্যতে ফেরেন। এরপর করুণ নায়ার, শুভমান গিল ও আকাশ দীপ দ্রুত ফিরে যান। দিনের শেষে অপরাজিত আছেন কেএল রাহুল (৩৩ রান)। পিচে অসমান বাউন্স আর পরিবর্তনশীল গতি ব্যাটারদের সমস্যায় ফেলছে। ইংল্যান্ডের ব্রাইডন কার্স নিয়েছেন দুটি উইকেট, স্টোকসও শেষ বলেই দীপকে বোল্ড করে দেন।
এই টেস্টের পুরো সময় জুড়েই উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে গিলের আগ্রাসী আচরনের পাশাপাশি ইংল্যান্ড টিমের প্লেয়ারদের ফিরতি স্লেজিং সবকিছুই ছিল।
শেষ দিনে ভারতের প্রয়োজন ১৩৫ রান, হাতে ৬ উইকেট। ইংল্যান্ড চাইছে দ্রুত উইকেট তুলে নিয়ে সিরিজে ফিরতে। উভয় দলের জন্যই সুযোগ রয়েছে ২-১ এ সিরিজে এগিয়ে যাওয়ার। এজন্য দুই দলের জন্যই লর্ডস টেস্টের শেষ দিনটা খুবই গুরুত্বপুর্ন। লর্ডসে পঞ্চম দিনের এই টেস্ট রোমাঞ্চকর সমাপ্তি উপহার দিতে প্রস্তুত।
