শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। ইনিংস ব্যবধানে হারের হতাশার মাঝেই সংবাদ সম্মেলনে এলো এই নাটকীয় ঘোষণা। নিজের সিদ্ধান্ত জানিয়ে শান্ত বলেন, দলের স্বার্থেই তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
শান্ত বলেন, “দলের এই ড্রেসিংরুমে লম্বা সময় ধরে আমি আছি। আমার কাছে মনে হয়েছে, তিনজন আলাদা ফরম্যাটের অধিনায়ক থাকা দলের জন্য উপযুক্ত নয়। ব্যক্তিগতভাবে মনে করি, একজনকে চাপমুক্ত করাটাই ভালো সিদ্ধান্ত।”
তার সরে দাঁড়ানোর পর সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন, টেস্ট নেতৃত্বের দায়িত্বে মিরাজই এখন সবচেয়ে উপযুক্ত। হান্নান বলেন, “শান্ত ব্যাটসম্যান হিসেবে ভালো করছে, এখন সে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে। অধিনায়ক হিসেবে মিরাজকে আমার যথেষ্ট উপযুক্ত মনে হয়। লিটন দাসকেও বিবেচনায় আনা যেতে পারে, তবে মিরাজ কিছুটা এগিয়ে।”
মিরাজ জাতীয় দলের নিয়মিত সদস্য এবং দলের মধ্যে জনপ্রিয়ও। তিনি এর আগেও অনূর্ধ্ব-১৯ ও বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বগুণ ও ধারাবাহিক পারফরম্যান্স অনেকের কাছে তাকে সামনে টেস্ট দলের সম্ভাব্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করছে।
তবে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। সামনে গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় দ্রুতই নতুন টেস্ট অধিনায়কের নাম চূড়ান্ত করতে পারে বোর্ড। শান্তর এই সরে দাঁড়ানো বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















