শান্তর বিদায়ে ভাঙল ২৬৪ রানের জুটি

জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বুধবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নিয়েছেন অধিনায়ক শান্ত। ফলে ভেঙেছে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান। মুশফিক ১১৭ ও লিটন ৩ রান নিয়ে ক্রিজে আছেন।

এর আগে গল টেস্টের প্রথম দিনে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে চতুর্থ উইকেট হারাল ৩০৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরলেন দেড়শ রান থেকে দুই রান দূরে থাকতে। তবে প্রথম দিনে বিপর্যয়ে পড়া দলকে বিদায়ের আগে চালকের আসনে বসিয়ে গেলেন টাইগার কাণ্ডারি।

আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে বিদায় করলেন আসিথা ফার্নান্দো। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি শান্ত। মিড-অফে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন ম্যাথিউস।

আউট হওয়ার আগে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। এটি টেস্ট ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি। আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম অধিনায়কের কাছে ডাবল সেঞ্চুরি চাইলেও আজ আশা পূরণে ব্যর্থ হলেন শান্ত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গলের উইকেটে পেসাররা হালকা সুইং পাওয়ায় ব্যাটাররা দেখশুনে খেলার চেষ্টা করছেন।

Exit mobile version