সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ১১২ রানে লিড নিয়েছে। তবে বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনে মাত্র ৪৪ ওভার খেলা হয়। এর আগে প্রথম দিনের ধাক্কা কাটিয়ে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ফলে তৃতীয় দিন ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে টাইগাররা।
বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে থাকায় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর খেলা মাঠে গড়ালে বেশিক্ষণ ক্রিজে টেকেননি মাহমুদুল হাসান জয়। আগের দিনের ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর আজ আর মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নিয়েছেন এই ওপেনার।
তবে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি কক্ষপথেই রেখেছিল টাইগারদের। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত যোগ করেন ৬৫ রান। অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু তার কপাল পুড়িয়েছেন নিয়াউচি। ৮৪ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি।
দলের প্রয়োজনের সময় হাল ধরতে পারেননি মুশফিকুর রহিম। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৫৫ রানে ৪ উইকেট হারানোর পর জাকের আলীকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন শান্ত। নিজে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি। ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত আছেন তিনি।
২১ রান করে অন্যপ্রান্তে আছেন জাকের।আলোকস্বল্পতার কারণে খেলার শেষও হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। আগামীকাল তাই নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে খেলা শুরুর কথা রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১/১০
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৯৪/৪
বাংলাদেশ ১১২ রানে এগিয়ে
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















