শ্রীলঙ্কা ক্রিকেট দলের ‘পেস বোলিং কোচ’ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলটির সঙ্গে কাজ করবেন। আগামী সপ্তাহের যে কোনো সময় তিনি দলের দায়িত্ব বুঝে নেবেন বলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানিয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ ব্যাপারে এক বিবৃতিতে জানিয়েছে, `শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আইসিসি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন।’
৫১ বছর বয়সী আকিব জাভেদ ২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দলটির বর্তমান অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। ২০২২ ও ২০২৩ সালে শিরোপা জেতা দলটি এবার একটা মাত্র ম্যাচে জয় পেয়েছে। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান তাদের।
আকিব জাভেদ ২০০৯ সালে পাকিস্তানের জাতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপে বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। সেবার পাকিস্তান শিরোপা জয় করেছিল। এরপর সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়া পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন। ২০০৪ সালে তার অধীনে পাকিস্তান শিরোপাও জয় করেছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














