৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শনিবার (১৯ এপ্রিল) এই দল ঘোষণা করা হয়।
জাতীয় দলের টেস্টে সিরিজ ও ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও ব্যস্ত সূচি শুরু হচ্ছে। চলতি মাসের শেষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের যুবারা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ এপ্রিল বাংলাদেশ যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ম্যাচ ২৮ ও ৩০ এপ্রিল। সিরিজের শেষ তিন ওয়ানডে যথাক্রমে ৩, ৫ এবং ৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে যুবাদের পরবর্তী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেরই প্রস্তুতি হিসেবে এই সিরিজ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
